খাগড়াছড়ির মানিকছড়িতে সালাউদ্দিন আরিফ (২৭) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তিনটহরী গুচ্ছগ্রাম এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আরিফ ওই এলাকার মিছির আলীর ছেলে। তিনি এক শিশু সন্তানের বাবা। তার স্ত্রী ফারজানা আক্তার বর্তমানে অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ছিল আরিফের দাদির কুলখানি। এ উপলক্ষে সকাল থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। এর মধ্যে পরিবারের সদস্যদের অগোচরে আরিফ তার বাবার ঘরে চলে যান। পরে স্বজনেরা ঘরের সিলিংয়ে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পান।
খবর পেয়ে মানিকছড়ি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কী কারণে আরিফ এমন পদক্ষেপ নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরিফের বাবা মিছির আলী বলেন, আরিফ স্ত্রীকে নিয়ে ফেনীর ছাগলনাইয়া উপজেলার জশপুর নতুন পাড়ায় থাকতেন। তার মায়ের মৃত্যুর খবর পেয়ে দুই দিন আগে আরিফ বাড়িতে আসেন। শুক্রবার মায়ের কুলখানি চলাকালে ছেলে এমন ঘটনা ঘটাবে, তা তারা কল্পনাও করতে পারেননি। তবে কেন এমনটি ঘটল, সে বিষয়ে তিনি কিছু জানেন না।
মানিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

