খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ৩০ কেজি চাল নিতে গিয়ে মোছা. আকলিমা(২৫) নামক এক নারীর মৃত্যু হয়েছে। মৃত আকলিমার বাসা মধ্য বোয়ালখালী এলাকায়। তার স্বামী মো. রুহুল আমিন বর্তমানে মালয়েশিয়া প্রবাসী।
বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে উপজেলার মেরুং ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার মেরুং ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় চাল দেয়া হবে বলে কার্ডধারীদের ডেকে এনে সারাদিন দাঁড় করিয়ে রাখে মেরুং ইউনিয়ন কতৃপক্ষ। সারাদিন রোদে দাঁড়িয়ে থেকে বিকেল ৪টা বাজলেও চাল আসেনি ইউনিয়ন পরিষদে। এমতাবস্থায় চালের জন্য দীর্ঘ সময় রোদে লাইনে দাঁড়িয়ে থেকে হিটস্ট্রোক করে মোছা. আকলিমা। পরবর্তীতে তাঁকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মেরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিনা চাকমাকে দায়ী করে বলেন, চাল বিতরণ করবে মর্মে সবাইকে ডেকে এনে সারাদিন রোদে দাঁড় করিয়ে রেখেছে। বিকাল ৪টা বাজলেও চাল আসেনি পরিষদে। এমতাবস্থায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে প্রচন্ড রোদে হিটস্ট্রোক করে আকলিমা। চাল পরিষদে না এনে লোকজন খবর দিয়ে এনে অপেক্ষায় রাখার কারণে এ ঘটনার জন্য দায়ী প্যানেল চেয়ারম্যান মিনা চাকমা।
এ বিষয়ে মেরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিনা চাকমার কাছে জানতে চাইলে তিনি জানান, আমি একটি মিটিংয়ে ছিলাম। তাছাড়া আজকে মেরুং বাজারে হার্টের দিন হওয়ায় সড়কে মানুষ ও যানচলাচলের ভীড় থাকায় মেরুং গোডাউন থেকে চাল পরিষদের পৌঁছাতে দেরি হয়েছে। তাছাড়াও আজকে কার্ডধারীদের চাল নেয়ার জন্য খবর দেয়া হয়নি বলেও জানান তিনি।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত কুমার সাহা জানান, এ ঘটনায় মৃত আকলিমার পরিবারকে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে। এবং এ ঘটনায় প্যানেল চেয়ারম্যান মিনা চাকমার যদি গাফিলতি থেকে থাকে সেটাও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

