রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজারে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (মূল) কর্তৃক স্থানীয় জীপ মালিক সমিতির বাঙ্গালী সদস্যদের উপর জুলুম ও অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। আজ সোমবার (১৯ মে) বিকেলে সাজেকের বাঘাইহাট বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল করে বাঘাইহাট জীপ মালিক সমিতির নেতৃবৃন্দরা।
সমাবেশে বক্তারা বলেন, সাজেক এলাকায় পূর্বে এমন পরিস্থিতি কখনোই ছিলো না। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতির সুযোগে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ(মূল) দলের সদস্যরা মাথাচাড়া দিয়ে উঠেছে। নির্ধারিত চাঁদার টাকা না দিতে পারলে তারা নানাভাবে স্থানীয় বাঙ্গালী জনসাধারণের উপর জুলুম অত্যাচার চালায়। তাদের কাছে সাধারণ নিরীহ মানুষ নিরাপদ নয়। বক্তারা ইউপিডিএফ (মূল) দলের চাঁদাবাজ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
এছাড়াও বক্তারা বলেন, চাঁদা না দেয়ায় গত ১৭ মে হতে অদ্যাবধি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের রেতকাবা নামক এলাকায় বাঘাইহাট জীপ মালিক সমিতির একটি চাঁদের গাড়ী ইউপিডিএফ (মূল) দলের সদস্যরা চার দিন ধরে গাড়িটি আটক করে রাখে এবং পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
এছাড়াও ইউপিডিএফ (মূল) দল কর্তৃক সাজেক এলাকায় বাঙ্গালী মালিক ও চালকদের গাড়ী চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে। যে কারণে, জীপ মালিক সমিতির সাথে সংশ্লিষ্ট স্থানীয় বাঙ্গালী জনসাধারণের একমাত্র আয়ের উৎস বন্ধ হয়ে গিয়েছে। যার ফলে সাধারণ জনগণ এবং জীব মালিক সমিতি, লেবার সকলে একাত্মতা প্রকাশ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

