আল আমিন, পানছড়ি প্রতিনিধিঃ ফিলিস্তিনে নিরীহ মানুষের উপর ইসরাইলের বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে পানছড়ি উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে পানছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গন হতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়ে পানছড়ি বাজার জিয়া স্কোয়ার মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের আহবায়ক মো: দিদারুল আলম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা বিএনপি সভাপতি মো: বেলাল হোসেন।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সি: সহ সভাপতি মো: সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক মো: তোফাজ্জল হোসেনসহ পানছড়ি উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশের শুরুতে ফিলিস্তিনের সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে এই বর্বর হামলা ও গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, ‘ফিলিস্তিনের শিশু, নারীসহ সকল নিরীহ মানুষদের উপর ইসরাইলের আক্রমণ নিঃসন্দেহে বিশ্ব মানবাধিকারের চরম লঙ্ঘন এবং এটি বিশ্বব্যাপী সমালোচনা ও ঘৃনার সৃষ্টি করেছে।’
এসময় বক্তারা ইসরাইলের সকল পণ্য বর্জন এবং এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার দাবি জানান অন্যথায় আমাদের প্রতিবাদ আরও তীব্র হবে।
সমাবেশ শেষে বিক্ষোভকারীরা নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প ও মোদির পুত্তলিকা আগুনে পুড়িয়ে প্রতিবাদ জানান।

