- বদরুদ্দীন উমরের স্বাধীনতা পুরস্কার প্রত্যাখ্যান: ‘গ্রহণ করা সম্ভব নয়’
লেখক, গবেষক ও রাজনীতিক বদরুদ্দীন উমর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করবেন না বলে জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ১৯৭৩ সাল থেকে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা তাকে পুরস্কারের জন্য মনোনীত করলেও তিনি কখনো তা গ্রহণ করেননি। চলতি বছর অন্তর্বর্তীকালীন সরকার তাকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করায় ধন্যবাদ জানালেও তিনি এই পুরস্কার গ্রহণে অপারগতা প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর বদরুদ্দীন উমরসহ আটজন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে সরকার। ১৯৭৭ সাল থেকে প্রতি বছর ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এই সম্মাননা প্রদান করা হয়ে থাকে।
