প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, সরকারপ্রধান যে সময়সূচি নির্ধারণ করেছেন, সে অনুযায়ী জাতীয় নির্বাচন আগামী ডিসেম্বর অথবা ২০২৬ সালের শুরুর দিকে অনুষ্ঠিত হতে পারে। তবে নির্বাচন কমিশন ডিসেম্বরকে সামনে রেখেই প্রস্তুতি নিচ্ছে।
আজ মঙ্গলবার (৪ মার্চ) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এদিকে, নতুন রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সকালে রায়েরবাজার বধ্যভূমিতে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে আয়োজনের প্রস্তাব দিয়ে বলেন, এটি বাস্তবায়িত হলে গণতন্ত্রের প্রকৃত বিকাশ সম্ভব হবে এবং নতুন সংবিধানের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা যাবে।
নাহিদের এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, “আমরা প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। রাজনৈতিক দলগুলো বিভিন্ন মতামত দিতেই পারে, তবে নির্বাচন কমিশন সেই বিতর্কের মধ্যে যেতে চায় না।”
এ ছাড়া জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে কিনা, সে বিষয়ে তিনি স্পষ্ট করে জানান যে, নির্বাচন কমিশন বিদ্যমান আইন-কানুন মেনেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।
