ভারতের কারাগারে ১,০৬৭ বাংলাদেশি বন্দি: গুম কমিশনের তদন্ত অব্যাহত
গত দুই থেকে আড়াই বছরে ভারতের বিভিন্ন কারাগারে আটক ১,০৬৭ জন বাংলাদেশি নাগরিকের নাম-ঠিকানাসহ একটি তালিকা পাওয়া গেছে বলে জানিয়েছেন গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে কমিশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কারাগারগুলোতে বন্দি থাকা বাংলাদেশিদের তালিকা চাওয়া হয়েছিল। সেই অনুযায়ী প্রাপ্ত তালিকায় নাম ও ঠিকানাসহ বিস্তারিত তথ্য পাওয়া গেছে। আরও তথ্য পাওয়া গেলে তা কমিশনে পাঠানো হবে বলে ভারতীয় কর্তৃপক্ষ লিখিতভাবে জানিয়েছে।”
তিনি আরও জানান, “গুমের শিকার ব্যক্তিদের মধ্যে কেউ এই তালিকায় আছেন কি না, তা নিয়ে তদন্ত চলছে। পুলিশ ও বিজিবির কাছ থেকে পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার পর অনুসন্ধান কার্যক্রম আরও এগিয়ে নেওয়া হবে।”
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০২৩ সালের ২২ ডিসেম্বর ঢাকার ধামরাইয়ের গুম হওয়া মোহাম্মদ রহমত উল্লাহকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করা হয়েছে বলে কমিশন নিশ্চিত হয়েছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গুম সংক্রান্ত কমিশনের সদস্য অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ফরিদ আহমেদ শিবলী, মানবাধিকার কর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস, এবং মানবাধিকার কর্মী ও কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন।
