জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের রাজনৈতিক যাত্রার প্রথম কর্মসূচির অংশ হিসেবে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৮টায় দলটির নেতাকর্মীরা স্মৃতিসৌধে উপস্থিত হয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি সম্মান জানান।
পরবর্তীতে, সকাল ১০টায় তারা রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে গিয়ে ২০২৪ সালের অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করবেন বলে জানা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই কর্মসূচির মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি তাদের আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু করল।
এর আগে, সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি তাদের কর্মসূচির বিস্তারিত ঘোষণা করে। এতে উল্লেখ করা হয় যে, মঙ্গলবার সকাল ৭টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তারা রায়েরবাজারে গিয়ে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করবেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত এক বিশাল সমাবেশের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে।
