স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সবাইকে প্রকাশ্যে ধূমপান না করার আহ্বান জানিয়েছেন।
আজ রোববার সন্ধ্যায় রাজধানীর মিরপুর পুলিশ লাইন পরিদর্শন শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ অনুরোধ জানান। পাশাপাশি, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের প্রতিও তিনি আহ্বান জানান।
তিনি উল্লেখ করেন, অন্যান্য ধর্মাবলম্বীদের উৎসবের সময় পণ্যের দাম কমানো হয়, এমনকি মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতেও রমজানে মূল্য হ্রাস করা হয়। কিন্তু বাংলাদেশে এর উল্টো চিত্র দেখা যায়—ব্যবসায়ীরা বরং দাম বাড়িয়ে দেন। তাই তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান, রমজানের সময় যেন তারা পণ্যের দাম না বাড়ান, বরং যথাসম্ভব কম রাখেন, যাতে ভোক্তারা স্বস্তি পান।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চলতি বছরে নিত্যপণ্যের দাম আগের বছরের তুলনায় কম রয়েছে। তিনি আরও বলেন, অভিযান পরিচালনা না করেও যদি বাজার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়, তবে সেটাই ভালো।
লালমাটিয়ায় দুই নারীর ওপর হামলার বিষয়ে তিনি জানান, তারা প্রকাশ্যে ধূমপান করছিলেন, আর সে সময় কিছু ব্যক্তি নামাজ পড়তে যাচ্ছিলেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, প্রকাশ্যে ধূমপান করা নারী-পুরুষ উভয়ের জন্যই অপরাধ। তাই তিনি সবাইকে উন্মুক্ত স্থানে ধূমপান থেকে বিরত থাকার অনুরোধ জানান।
এছাড়া, রমজানে সংযম পালন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ধর্ম উপদেষ্টা সকলকে অনুরোধ করেছেন, দিনের বেলায় বাইরে প্রকাশ্যে খাবার না খেতে, যাতে রোজাদারদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়।
