পুরান ঢাকার ধোলাইখালের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে। মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে ১২টা পর্যন্ত এই উত্তেজনা অব্যাহত ছিল।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী, সম্রাট, ধোলাইখাল এলাকার একটি মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় ভুলবশত একটি নির্মাণাধীন ঢালাইয়ের ওপর পা রাখেন। এ ঘটনায় স্থানীয় কিছু ব্যক্তি তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এবং তাকে ধাক্কা দেন। প্রতিক্রিয়ায় সম্রাটও প্রতিরোধের চেষ্টা করেন।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন স্থানীয়রা একত্রিত হয়ে ওই শিক্ষার্থীকে মারধর শুরু করে। সহিংসতার শিকার শিক্ষার্থী সাহায্যের জন্য তার সহপাঠীদের ফোন করলে হাবিবসহ আরও দুইজন ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়রা হাবিবসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আটকে রেখে মারধর করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক জানান, তিনি কোতোয়ালি, সূত্রাপুর, বংশাল ও ওয়ারি থানায় যোগাযোগ করেছেন, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে ফোর্স পাঠাচ্ছে। আহত শিক্ষার্থীকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে সহকারী প্রক্টররাও উপস্থিত আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
