সাধারণ মানুষের স্বস্তি, নিত্যপ্রয়োজনীয় পণ্যে ভ্যাট ছাড়ের ঘোষণা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)
ভোক্তাদের জন্য সুখবর! নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু পণ্যে ভ্যাট ছাড়ের ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিস্কুট, লবণ, সরিষার তেল, আটা, ময়দা, এলপি গ্যাসসহ একাধিক পণ্যের দাম কমতে চলেছে এই ঘোষণায়। সোমবার এনবিআর এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, রেপসিড অয়েল, কোলজা সিড অয়েল, ক্যানোলা অয়েল উৎপাদন পর্যায়ে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ভ্যাট অব্যাহতি থাকবে। পাশাপাশি, সরিষা তেলের উৎপাদন পর্যায়েও ভ্যাট অব্যাহতি থাকবে, যার কোনো সময়সীমা নেই।
এ ছাড়া দেশে উৎপাদিত যেসব পণ্যের ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে, সেগুলো হলো বিস্কুট, লবণ, আটা, ময়দা, সুজি, গুঁড়া মরিচ, ধনে, হলুদ, আদা, চালের কুঁড়ার তেল, সূর্যমুখী তেল, রেপসিড অয়েল, কোলজা সিড অয়েল, কেনোলা অয়েল, ডাল বা ডাল–জাতীয় খাদ্যশস্য।
শর্ত সাপেক্ষে এলপি গ্যাস ও প্রাকৃতিক গ্যাসেও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়। তবে আমদানি করে নিজেরাই ভোক্তার কাছে বিক্রি করে- এমন প্রতিষ্ঠান এই সুবিধা পাবে না।
এসব পণ্যে ভ্যাট অব্যাহতি সুবিধা পেতে কিছু বিধিবিধান মানতে হবে। যেমন ভ্যাট নিবন্ধন, চালান ইস্যু, সব ধরনের রেজিস্ট্রার সংরক্ষণ, মাসিক ভ্যাট রিটার্ন দাখিল ইত্যাদি করতে হবে।
এর আগে গত জানুয়ারি মাসে শতাধিক পণ্যের ওপর ভ্যাট ও শুল্ক বসায় এনবিআর। পরে ব্যাপক সমালোচনার মুখে প্রায় এক ডজন পণ্যের ওপর ভ্যাট অব্যাহতি ও ভ্যাট কমানোর সিদ্ধান্তের কথা জানায় সংস্থাটি।

