কক্সবাজারের সেন্টমার্টিনে ১২ হাজার ২৭৪ ইয়াবাসহ মুজিবুর রহমান নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে কোস্টগার্ড।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। আটক মুজিব সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
কোস্টগার্ড কর্মকর্তা সিয়াম-উল-হক বলেন, বাড়িতে বিপুল পরিমাণ মাদক পাচারের উদ্দেশ্যে মজুত করে রেখেছেন আওয়ামী লীগ নেতা মুজিব। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন তিনি। একপর্যায়ে তাকে ধরে ফেলেন কোস্টগার্ড সদস্যরা। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১২ হাজার ২৭৪ ইয়াবা উদ্ধার করা হয়।

