পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় “শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন” মূলনীতি ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরেই শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করে আসছে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নের মাসালং বাজারে বিশুদ্ধ পানির স্থাপনা করে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট সেনা জোন।
বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে স্থাপিত এই বিশুদ্ধ পানির পয়েন্ট স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী, বাঙালি বাসিন্দা এবং সাজেকগামী পর্যটকদের দীর্ঘদিনের পানির সংকট দূর করে স্বস্তি এনে দিয়েছে। সেনাবাহিনীর মানবিক এই উদ্যোগ মাসালং বাজারে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে আস্থা ও স্বস্তির পরিবেশ তৈরি করেছে।
স্থানীয় জনপ্রতিনিধি চেয়ারম্যান অতুলাল চাকমা, বাজার সেক্রেটারি অনন্ত ত্রিপুরা এবং কারবারি ফুলেশ চাকমা জানান, সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম শুধু মানুষের জীবনযাত্রার মান উন্নত করছে না, বরং সামাজিক স্থিতিশীলতা, সম্প্রীতি এবং আস্থা আরও সুদৃঢ় করছে।
এলাকাবাসী ও পর্যটকরা আবেগ নিয়ে বলেন, “দীর্ঘদিন বিশুদ্ধ খাবার পানির অভাবে আমরা ভোগান্তিতে ছিলাম। আজ সেই প্রত্যাশা পূরণ হলো সেনাবাহিনীর উদ্যোগে।”
ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমান জানান, পাহাড়ি মানুষের জীবনমান উন্নয়ন, তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত রাখবে।

