সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষীছড়ীর বর্মাছড়ি, বিনাজুরি, কালাপাহাড় রেঞ্জ এবং তৎসংলগ্ন উল্টাছড়ি, মাইনপাড়া, বেলক্কপাড়া ও ফুত্তাছড়ি এলাকায় বসবাসরত দুর্গম পাহাড়ি জনগোষ্ঠীর জন্য বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি এই দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবার ঘাটতি দূর করতে সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ স্থানীয়দের জন্য আশীর্বাদস্বরূপ হয়ে উঠেছে। ক্যাম্পে পাঁচ শতাধিক পাহাড়ি নারী, পুরুষ, শিশু এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীকে বিনামূল্যে স্বাস্থ্যপরামর্শ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং ওষুধ প্রদান করা হয়। ক্যাম্প পরিচালনায় সেনাবাহিনীর পেশাদার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করেন।
স্থানীয় জনগণ জানান, দুর্গম পথ ও চিকিৎসা সুবিধার অভাব তাদের দীর্ঘদিনের দুর্ভোগ। নিয়মিত চিকিৎসার সুযোগ না থাকায় অনেকেই প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হন। তবে সেনাবাহিনীর এই উদ্যোগ তাদের কাছে অত্যন্ত ইতিবাচক ও স্বস্তিদায়ক মনে হয়েছে। তারা মনে করেন, সরাসরি চিকিৎসা সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এ কার্যক্রম সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসকে আরও সুদৃঢ় করেছে।
বাংলাদেশ সেনাবাহিনী সূত্র জানায়, দেশের প্রত্যন্ত ও দুর্গম জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি রক্ষা এবং মানবিক সহায়তার ধারাবাহিকতা বজায় রাখতে তারা সবসময় জনগণের পাশে রয়েছে। ভবিষ্যতেও একই অঙ্গীকার নিয়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সেনাবাহিনী নিশ্চিত করেছে।
দুর্গম পাহাড়ি অঞ্চলে স্বাস্থ্যসেবার এমন উদ্যোগ স্থানীয়দের আস্থা, উন্নয়ন ও মানবিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করেছে।

