খাগড়াছড়ির লক্ষীছড়ি জোন কর্তৃক পাহাড়ের প্রত্যন্ত বেলাক্ষ পাড়ায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর ২০২৫) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন জোনের চিকিৎসক দল।
সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগে স্থানীয় পাহাড়ি নারী, পুরুষ ও শিশুসহ মোট ২০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। ক্যাম্পে আগত রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনা মূল্যে বিতরণ করা হয় বলে জানা গেছে।
পাহাড়ের দুর্গম অঞ্চলে নিয়মিত স্বাস্থ্যসেবার সুযোগ সীমিত হওয়ায় এ ধরনের উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তারা জানান, সরাসরি চিকিৎসা পেয়ে তাদের দীর্ঘদিনের কষ্ট কিছুটা হলেও লাঘব হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর প্রতি তাদের আস্থা ও বিশ্বাস আরও দৃঢ় হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, পাহাড়ের প্রতিটি মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারা নিয়মিত নানা মানবিক কার্যক্রম পরিচালনা করছে। দেশের উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখা এবং জনগণের পাশে থাকা— এই অঙ্গীকার নিয়ে ভবিষ্যতেও তাদের কার্যক্রম চলমান থাকবে।

