সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের লক্ষীছড়ি জোনের আওতাধীন নয়াবাজার সেনা ক্যাম্পের নিয়মিত টহল চলাকালে ইউপিডিএফ সংশ্লিষ্ট সন্ত্রাসী ও তাদের সহযোগীদের অবৈধ কাঠ পাচারকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার করা হয়েছে।
সেনা সূত্র জানায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর- ২০২৫) প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিল্লাছড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফ সংশ্লিষ্ট সন্ত্রাসী ও তাদের সহযোগী কাঠ পাচারকারীরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
পরবর্তীতে টহল দল ঘটনাস্থল থেকে মোট ২৪০ পিস অবৈধ কাঠ, যার পরিমাণ প্রায় ৩০১.৪৭ সিএফটি, উদ্ধার করে। উদ্ধারকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ৫০ হাজার টাকা বলে জানানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত কাঠসমূহ মানিকছড়ি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, সম্প্রতি এই এলাকায় ইউপিডিএফ ও তাদের সহযোগী অবৈধ কাঠ পাচারচক্রের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড পার্বত্য চট্টগ্রামের পরিবেশ, বনসম্পদ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে স্থানীয় প্রশাসন ও বন বিভাগের সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতেও নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রাখা হবে।

