কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর ভয়ভীতি ও নির্যাতনের মুখে দীর্ঘদিন ঘরছাড়া থাকার পর বান্দরবানের পাইন্নুমপাড়া এলাকায় নিজ বসতভিটায় ফিরেছে ম্রো সম্প্রদায়ের আরও ৫টি পরিবার। বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় শনিবার (১৬ মে- ২০২৬) ২২ জন সদস্য নিয়ে পরিবারগুলো আনন্দঘন পরিবেশে নিজ গ্রামে ফিরে আসে।
জানা যায়, ২০২৩ সালের মে মাসে কেএনএফের আতঙ্ক ও নিরাপত্তাহীনতার কারণে পরিবারগুলো এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। সম্প্রতি পাইন্নুমপাড়া এলাকায় নিরাপত্তা বাহিনীর তৎপরতা বৃদ্ধি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়।
প্রত্যাবর্তনকারী পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিশেষ মানবিক সহায়তা প্রদান করে। প্রতিটি পরিবারের মাঝে ৫০ কেজি চাল, ১০ কেজি ডাল, ৫ কেজি তেল, ৫ কেজি পেঁয়াজ, ৫ কেজি আলু ও ৫ কেজি লবণ বিতরণ করা হয়।
দীর্ঘদিন পর নিজ ভিটেমাটিতে শান্তিপূর্ণভাবে ফিরতে পেরে ম্রো পরিবারের সদস্যরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে সাধারণ মানুষের পাশে থেকে মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি দুর্গম পাহাড়ি অঞ্চলকে সন্ত্রাস, আতঙ্ক ও চাঁদাবাজিমুক্ত রাখতে বিশেষ অভিযান ও নিরাপত্তা তৎপরতাও চলমান থাকবে।

