খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে নিরাপত্তা জোরদার ও শুভেচ্ছা উপহার বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খাগড়াছড়ি সেক্টরের বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) এর উদ্যোগে এ জনকল্যাণ ও জননিরাপত্তামূলক কার্যক্রম পরিচালিত হয়।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর- ২০২৫) সকালে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ, নির্দেশনায় ৭ বিজিবির একটি টিম দীঘিনালার বিভিন্ন চার্জ এলাকায় টহল ও পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে।
এ সময় বড়দিন উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থাগুলো তদারকি করা হয়। পরিদর্শনকালে বিজিবি সদস্যরা খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বড়দিনের শুভেচ্ছা উপহার তুলে দেন। এতে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও স্বস্তি লক্ষ্য করা যায়।
এ কার্যক্রমের নেতৃত্ব দেন নায়েব সুবেদার মো. ইব্রাহীম। এ সময় উপস্থিত ছিলেন বিএসবি হাবিলদার মো. আনোয়ার হোসেন, আরআইবি আলামিনসহ বাবুছড়া ব্যাটালিয়নের অন্যান্য সদস্যরা।
এ বিষয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ বলেন, “বিজিবি সব সময় দেশের সকল ধর্ম ও বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। ধর্মীয় উৎসবগুলো যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন করা যায়, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
তিনি আরও বলেন, পার্বত্য এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে বিজিবির এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

