খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিককে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। বুধবার বিকেলে পানছড়ি উপজেলার পূজগাং এলাকায় সন্দেহজনক চলাফেরায় তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ভারতীয় নাগরিক বলে জানা গেছে।
পানছড়ি থানা পুলিশ জানায়, আটককৃত ৩ জন ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার নতুন বাজার থানার গ্রুইনাং পাড়া গ্রামের বাসিন্দা দইচন্দ্র রিয়াংয়ের ছেলে জেমস কুমার রিয়াং (৩৩), জেষ্ট মহন রিয়াংয়ের ছেলে তরসেন রিয়াং (৩০) ও লাল মান জুয়ালা’র ছেলে লাল থাকমা রিয়াং (৩২)।
জানা গেছে, আটককৃতরা ৬ ডিসেম্বর শনিবার ভারতের ত্রিপুরা রাজ্যের, ধলাই জেলার রইশ্যাবাড়ি থানার, চপলিং ছড়ার চোরাপথে দুর্গম খাগড়াছড়ির পানছড়ি উপজেলার রুপসেন পাড়া হয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে তারা রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার রাকিয়ং লেক গ্রামে যায়। সেখান থেকে বুধবার চোরাপথে ফের গমন করছিল।
পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লালথাকমা রিয়াং ওরফে প্রশান্ত ত্রিপুরা রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার রাকিয়ং লেক গ্রামের বাসিন্দা। তিনি ২০২০ সালে স্থায়ীভাবে ভারতে গমন করে সেখানে বিয়ে করে নাগরিকত্ব নিয়েছে। তার পিতা মাতা বাংলাদেশের নাগরিক। তার বড় মেয়ে সিয়ারই রিয়াংয়ের চিকিৎসার জন্য রাঙ্গামাটি মা বাবার নিকট হতে টাকা নিতে ভারতীয় দুই বন্ধু জেমস কুমার রিয়াং, তরসেন রিয়াংকে সাথে নিয়ে চোরাপথা বাংলাদেশে প্রবেশ করে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

