খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা তৈরির একটি মেশিন, ইয়াবা ট্যাবলেট ও মাদক তৈরির বিভিন্ন উপকরণসহ এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বিকালে দীঘিনালা থানাধীন ১নং মেরুং ইউনিয়নের দুর্গম ৯ মাইল গোলছড়িতে একটি পরিত্যক্ত জুমঘরে সেনাবাহিনীর দীঘিনালা জোন ও দীঘিনালা থানার পুলিশের একটি দল যৌথ অভিযান চালায়।
অভিযানে সবুজ কুমার দে (২৯) নামের এক যুবককে আটক করা হয়। আটক যুবক চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার পূর্ব ফটিকছড়ি এলাকার মধু সুদন দে ও তরু বালা দে দম্পতির ছেলে।
অভিযানকালে ঘটনাস্থল তল্লাশি করে ইয়াবা তৈরির কাজে ব্যবহৃত একটি লোহার তৈরি মেশিন, হালকা গোলাপি রঙের ১০টি ইয়াবা ট্যাবলেট (যার একটি ভাঙা অবস্থায় ছিল) এবং ইয়াবা প্রস্তুতে ব্যবহৃত বিভিন্ন উপাদান উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

