পাহাড়ের দুর্গম এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসাধারণের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গুইমারা রিজিয়নের অধীনস্থ লক্ষীছড়ি জোন ০৭ ডিসেম্বর তনুরাম পাড়া এলাকায় একদিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।
মেডিকেল ক্যাম্পে মোট ৫৫ জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের মাঝে আনুমানিক ৫ হাজার ৫০০ টাকার প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। দূরবর্তী এলাকায় সরাসরি স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ায় স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন। তাদের মতে, এর ফলে দুর্গম অঞ্চলের মানুষের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় হয়েছে।

এ ছাড়া লক্ষীছড়ি জোন কর্তৃক তনুরাম পাড়া নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ও মুক্তাছড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, পেন্সিল ও রাবারসহ বিভিন্ন স্টেশনারী সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় শিক্ষকরা জানান, “সেনাবাহিনীর এই সহায়তা শিক্ষার্থীদের জন্য এক বিশাল অনুপ্রেরণা। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের শিশুরা এসব শিক্ষা উপকরণ পেয়ে পড়ালেখায় আরও মনোযোগী হবে।”
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী গুইমারা রিজিয়ন ও লক্ষীছড়ি জোনের এই মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য, পাহাড়ি এলাকার মানুষের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য, শিক্ষা ও কল্যাণমূলক সেবা প্রদান করে আসছে।

