ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য হেমা চাকমার বাবার চিকিৎসার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর-২০২৫) সকালে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়।
খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়ি সাব-জোন কমান্ডার মেজর মো. জায়েদ-উর-রহমান অয়ন হেমা চাকমার বাবার হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন।
এ সময় হেমা চাকমার বাবা অনিল চন্দ্র চাকমার উন্নত চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় তিনি সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ের মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকে। আমার এই দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য আমি ও আমার পরিবার সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ।”
স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ এ সময় উপস্থিত ছিলেন। মানবিক সহায়তার মাধ্যমে পাহাড়ি অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোয় সেনাবাহিনীর এ উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।

