খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের জালিয়াপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ভোর আনুমানিক ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো হলো— আনোয়ার হোসেনের তেলের দোকান, নাঈন হোটেল এবং একটি কুলিং কর্নার। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বাজারে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে দোকানগুলোর মালামাল, আসবাবপত্র ও ব্যবসায়িক সরঞ্জাম ভস্মীভূত হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ এবং প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন।

