তরুণদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের সদর জোনের উদ্যোগে বয়সভিত্তিক ক্রিকেট দলের খেলোয়াড়দের মাঝে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে খাগড়াছড়ি সদর জোন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লে. কর্নেল খাদেমুল ইসলাম। তিনি খাগড়াছড়ি জেলার অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ ক্রিকেট দলের খেলোয়াড়দের হাতে প্রয়োজনীয় ক্রীড়া উপকরণ তুলে দেন।
অনুষ্ঠানে লে. কর্নেল খাদেমুল ইসলাম বলেন, “পাহাড়ের প্রতিভাবান তরুণরা যেন ক্রীড়ার মাধ্যমে নিজেদের বিকশিত করতে পারে, এটাই আমাদের প্রয়াস। বয়সভিত্তিক ক্রিকেটারদের সহায়তা ও উৎসাহ দেওয়া গেলে তারা একদিন আন্তর্জাতিক পর্যায়েও দেশের মুখ উজ্জ্বল করতে সক্ষম হবে।” তিনি আরও জানান, এ ধরনের সহায়ক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের জিএসও-২ মেজর কাজী মোস্তফা আরেফিন, জেলা পরিষদ সদস্য মাহবুব আলম, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, বিসিবির কাউন্সিলর আনিসুল হক অনিকসহ অন্যান্য অতিথিবৃন্দ।
খেলোয়াড়রা এমন উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করে জানান, এ ধরনের সহায়তা তাদের খেলাধুলার প্রতি আরও অনুপ্রাণিত করবে।

