প্রেস ইনিস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে খাগড়াছড়ি জেলায় কর্মরত সাংবাদিকদের জন্য ডিজিটাল মিডিয়া বিষয়ক তিনদিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
শনিবার ২৯ নভেম্বর সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন, জেলার নবাগত জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।
এতে প্রধান বক্তা হিসেবে ডিজিটাল সাংবাদিকতায় নৈতিকতা নিয়ে বক্তব্য উপস্থাপন করেন, প্রেস ইনিস্টিটিউট বাংলাদেশ (পিআইবির) মহাপরিচালক ফারুক ওয়াসিফ। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টচার্য্য। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তরা বলেন, এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে এই প্রশিক্ষণের মধ্য দিয়ে সাংবাদিকদের সংবাদ তৈরীর প্রচলিত কর্মকৌশলে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পেশাগত দক্ষতা বৃদ্ধিসহ বহুমুখী প্লাটফর্মের জন্য সংবাদ তৈরীতে পারদর্শি করে তোলা।
অভিষ্ঠ জনগোষ্ঠি: মূলধারার গণমাধ্যম কর্মী। কর্মশালার পদ্ধতি: বক্তব্য উপস্থাপন, ফ্লিপচার্ট ব্যবহার, পাওয়ার পয়েন্ট উপস্থাপন, মুক্ত আলোচনা, ব্যবহারিক প্রশ্ন-উত্তর এবং মতামত গ্রহণ। লক্ষ্যমাত্রা: খাগড়াছড়ি জেলার সাংবাদিকদের মাল্টিটাস্কার দক্ষ পেশাশক্তিতে রুপান্তর করা।
প্রশিক্ষণের প্রথমদিন মোবাইল সেটিংস, ক্যামেরা সেটিংস এবং ভিডিও ধারণের সাধারণ নিয়মাবলী, ‘মাইক্রোফোন বা হেডফোন ব্যবহার করে অডিও ধারণ বিষয়ে বক্তব্য উপস্থাপন। মোবাইল ক্যামেরার ফ্রেমিং এবং ভিডিও ধারণের ব্যবহারিক কৌশল, ‘ল্যান্ডস্কেপ নাকি ভার্টিকাল’, শর্ট ডিভিশন নিয়ে বক্তব্য উপস্থাপন ও প্রশ্নোত্তর। ইন্টার্ভিউ ফ্রেমিং, প্ল্যাটফর্ম, বি-রোল, সিকোয়েন্স ও ট্রানজিট শট বিষয়ে বক্তব্য উপস্থাপন ও ব্যবহারিক ধারণা এবং মোবাইল শুটিং (ফিল্ড ওয়ার্ক/পার্ক শুটিং) বিষয়ে বক্তব্য উপস্থাপন ও অনুশীলন করান, প্রশিক্ষণ সহকারী ও জিটিভি’র নির্বাহী প্রযোজক মোহাম্মদ সাহাবউদ্দিন।
এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচএম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ নিপু প্রমুখ উপস্থিত ছিলেন।
তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণে জেলা সদর এবং নয় উপজেলায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত ৩২ জন সাংবাদিক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনজন জুলাইযুদ্ধাসহ ৩৫ জন অংশ গ্রহণ করছেন।

