খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানকৃত অবৈধ কাঠ উদ্ধার করা হয়েছে। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বান্দরসিংপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বান্দরসিং বিওপি’র কমান্ডার না. সুবে. মো. হেদায়েতুল ইসলাম।
অভিযান চলাকালে বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পরিত্যক্ত অবস্থায় কাঠ রেখে পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায়। পরে টহলদল ঘটনাস্থল থেকে ভারতীয় সেগুন কাঠ ৪৪ সিএফটি এবং গামারী কাঠ ৭ সিএফটি মালিকবিহীন অবস্থায় জব্দ করতে সক্ষম হয়। উদ্ধারকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার ৬০০ টাকা।
জব্দকৃত কাঠ আইনানুগ প্রক্রিয়ায় মাটিরাঙ্গা বনবিটে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।

