খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের এক নেতা নিহত হয়েছেন। নিহত নীতি দত্ত চাকমা (পোস্ট পরিচালক, পানছড়ি) শুক্রবার (২৭ মার্চ- ২০২৬) সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে এ ঘটনায় নিহত হন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পানছড়ি উপজেলার বিজু মেলা পয়েন্ট সংলগ্ন একটি চায়ের দোকানে স্থানীয়দের সঙ্গে আলাপচারিতার সময় তিনটি মোটরসাইকেলে করে আসা ৫-৬ জন সশস্ত্র ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায়। হামলাকারীরা সিভিল পোশাকে ছিল এবং তাদের মুখ বাঁধা ছিল।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পানছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর জিরোমাইল এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি সেনা রিজিয়নের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে, ইউপিডিএফ (মূল) দলের সশস্ত্র সদস্যদের দ্বারা এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

