খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় কুশীনগর বন বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র কঠিন চীবর দান অনুষ্ঠানে অংশ নিয়েছেন লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম। সোমবার (৯ নভেম্বর) তিনি বিহারটি পরিদর্শন করেন এবং ধর্মীয় উৎসবে অংশগ্রহণকারী বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও সম্প্রীতি বিনিময় করেন।
প্রতি বছর প্রবারণা পূর্ণিমার পর কুশীনগর বন বিহারে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে কঠিন চীবর দান উৎসব উদযাপিত হয়। এ উপলক্ষে দূর-দূরান্ত থেকে চাকমা, মারমাসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর হাজার হাজার পুণ্যার্থী বিহার প্রাঙ্গণে সমবেত হন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে জোন অধিনায়কের উপস্থিতি স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশকে আরও সুদৃঢ় করে।
পরিদর্শনকালে লক্ষ্মীছড়ি জোনের পক্ষ থেকে ধর্মীয় অনুষ্ঠানটির সার্বিক আয়োজনের জন্য ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম।
পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার ধারাবাহিকতায় লক্ষ্মীছড়ি জোনের এ ধরনের উদ্যোগ স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক আয়োজনে সহযোগিতার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও আস্থার সম্পর্ক জোরদারে ভূমিকা রাখছে।

