খাগড়াছড়ি প্রতিনিধি: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় যুব দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। দিবসটি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; বরং দেশের তরুণ সমাজের শক্তি, সম্ভাবনা ও দায়িত্বকে নতুন করে স্মরণ করার দিন।
মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বেলুন উড়িয়ে ও বর্ণাঢ্য যুব র্যালির মাধ্যমে দিবসের মূল কর্মসূচি উদ্বোধন করা হয়। র্যালি শেষে অতিথিরা কেক কেটে দিবসটির আনন্দ ভাগাভাগি করেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশ্রাফ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম মুন্না, উপজেলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, জামায়াতে ইসলামীর উপজেলা সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, উপজেলা ক্রীড়া বিষয়ক এডহক কমিটির সদস্য মো. জামাল উদ্দিন জালাল সহ প্রমুখ।
আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নিবন্ধিত ১০টি সংগঠনের প্রতিনিধিরা শুভেচ্ছা বক্তব্য রাখেন। তাঁরা প্রত্যেকেই সমাজ থেকে মাদক নির্মূল এবং তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার দৃঢ় আশা ব্যক্ত করেন।
বক্তারা বলেন, দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ তরুণ। তাদের সঠিক দিকনির্দেশনা, দক্ষতা উন্নয়ন ও ইতিবাচক কাজে সম্পৃক্ত করা জাতীয় উন্নয়নের অন্যতম প্রধান শর্ত। বর্তমান সময়ে যুবসমাজের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ হলো মাদকাসক্তি। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, প্রশাসন ও তরুণদের সম্মিলিত উদ্যোগে মাদকমুক্ত, সুস্থ ও সচেতন যুবসমাজ গড়ে তুলতে হবে। একই সঙ্গে তরুণদের শুধু চাকরিপ্রার্থী না হয়ে প্রশিক্ষণ, প্রযুক্তিগত দক্ষতা এবং সহজ অর্থায়নের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু বলেন, যুবসমাজ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। তরুণদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারলে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও গতিশীল করা সম্ভব।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ সম্পন্নকারী ৪০ জনের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং ৩ জন উপকারভোগীর মাঝে মোট ২ লক্ষ ৬০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়। পাশাপাশি তরুণদের খেলাধুলা ও সামাজিক কার্যক্রমে উৎসাহিত করতে কয়েকটি যুব সংগঠনের মাঝে ফুটবল উপহার দেওয়া হয়।

