মেট্রোরেলে নিরাপত্তা আরও সুসংহত করতে প্রতিটি ট্রেনের (৬টি কোচ) জন্য দুজন করে এমআরটি পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে স্টেশনগুলোতেও পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন থাকবে। এমআরটি পুলিশের পরিদর্শক (অপারেশন) সুজিত কুমার গোমস্তা জানান, এই নতুন নিরাপত্তা ব্যবস্থা ৪ মার্চ, মঙ্গলবার থেকে কার্যকর হবে।
তিনি আরও বলেন, যাত্রীদের সঙ্গে থাকা শিশু, প্রবীণ বা মালামাল হারিয়ে গেলে দ্রুত তা খুঁজে বের করা, চুরি-ছিনতাই প্রতিরোধ, যাত্রীদের মধ্যে বাগ্বিতণ্ডা নিয়ন্ত্রণসহ বিভিন্ন সমস্যা সমাধানে এমআরটি পুলিশ সক্রিয় ভূমিকা পালন করবে। এছাড়া, যদি এমআরটি পুলিশের জনবল আরও বাড়ানো হয় এবং একটি স্বতন্ত্র ইউনিট গঠন করা যায়, তাহলে সেবার মান আরও উন্নত হবে।
উল্লেখ্য, মেট্রোরেল ও স্টেশনগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ২০২৩ সালের নভেম্বর থেকে ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।
