যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাময়িকভাবে ইউক্রেনকে সামরিক সহযোগিতা প্রদান বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন, যা ইতোমধ্যে কার্যকর হয়েছে। জানা গেছে, হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৩ মার্চ) স্থানীয় সময় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প মনে না করা পর্যন্ত যে ইউক্রেনের নেতারা শান্তির প্রতি সদিচ্ছা দেখাচ্ছেন, ততদিন পর্যন্ত এই সহায়তা স্থগিত থাকবে।
এই সাময়িক নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রের যেসব সামরিক সরঞ্জাম ইউক্রেনে পৌঁছায়নি, সেগুলোও অন্তর্ভুক্ত থাকবে। ট্রাম্প ইতোমধ্যে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে এই সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই ট্রাম্প ইসরায়েল ও মিসর ব্যতীত অন্যান্য দেশের জন্য সামরিক সহায়তা কার্যক্রম সীমিত করার ঘোষণা দেন। ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকেই যুক্তরাষ্ট্র দেশটিকে অস্ত্র সহায়তা দিয়ে আসছিল, তবে সাময়িক এই স্থগিতাদেশের ফলে সেই সহযোগিতা আপাতত বন্ধ থাকবে।
