আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার ধানের শীষ প্রতীকের পক্ষে গণসমর্থন আরও জোরদার করতে ত্রিপুরা বিএনপি সমর্থক গোষ্ঠী, সুশীল সমাজ ও নির্বাচনী প্রচারণা কমিটির উদ্যোগে ত্রিপুরা খ্রিস্টান সম্প্রদায়ের বিশিষ্টজনদের নিয়ে এক বিশাল নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে খাগড়াছড়ি জেলা সদরের সুইসগেইট সংলগ্ন প্লেংসা রেস্টুরেন্টে আয়োজিত এ মতবিনিময় সভা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে ত্রিপুরা খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সমাজসেবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভার সার্বিক পরিচালনা ও ব্যবস্থাপনায় ছিলেন ত্রিপুরা বিএনপি সমর্থক ও নির্বাচনী প্রচারণা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শুভ্রদেব ত্রিপুরা সাইমন। সভার সূচনায় তিনি উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে বলেন, পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে একটি গণতান্ত্রিক ও জনবান্ধব নেতৃত্ব অপরিহার্য, যা বিএনপির নেতৃত্বেই বাস্তবায়ন সম্ভব।
সভায় আরও উপস্থিত ছিলেন ত্রিপুরা বিএনপি সমর্থক গোষ্ঠী, সুশীল সমাজ ও নির্বাচনী প্রচারণা কমিটির সহকারী আহ্বায়ক খবেন্দ্র লাল ত্রিপুরা। এছাড়াও তাপস ত্রিপুরা, সজীব ত্রিপুরা, অনিল ত্রিপুরা, হেমংকর ত্রিপুরা, বিভূতি ত্রিপুরাসহ ত্রিপুরা খ্রিস্টান সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনেরা মতবিনিময় সভায় অংশ নেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, খাগড়াছড়ি জেলার সার্বিক উন্নয়ন, পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার নিশ্চিতকরণ, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়নে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া একজন যোগ্য, অভিজ্ঞ ও পরীক্ষিত নেতৃত্ব। তারা উল্লেখ করেন, অতীতেও বিএনপি পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও সেই উন্নয়নধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের মাধ্যমে ওয়াদুদ ভূঁইয়াকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। তারা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচনে খাগড়াছড়ির সকল জনগোষ্ঠী ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে রায় দেবে।
মতবিনিময় সভা শেষে অংশগ্রহণকারীরা পারস্পরিক মতামত বিনিময় করেন এবং আগামী দিনের নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল ও সংগঠিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

