খাগড়াছড়ি জেলার ২৯৮ নং সংসদীয় আসনের আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকল প্রার্থীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী- ২০২৬) দুপুরে রিজিয়ন সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নির্বাচনকালীন পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটারদের নিরাপত্তা এবং অবাধ ভোটগ্রহণ নিশ্চিত করতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক বলেন, নির্বাচন একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। তাই জনগণের ভোটাধিকার রক্ষা করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। তিনি প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান এবং সহিংসতা, ভয়ভীতি ও অনিয়ম থেকে বিরত থাকার অনুরোধ করেন।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী প্রশাসন ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ে নিরপেক্ষভাবে মাঠে দায়িত্ব পালন করবে, যাতে ভোটাররা নিরাপদ পরিবেশে ভোট দিতে পারেন। সভায় প্রার্থীরা বিভিন্ন বাস্তব সমস্যার কথা তুলে ধরলে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

