মিয়ানমার সীমান্ত সংলগ্ন দুর্গম পাহাড়ভাঙ্গা পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে নবনির্মিত “সেনা মৈত্রী প্রাথমিক বিদ্যালয়” উদ্বোধন করা হয়েছে। আলীকদম উপজেলা প্রশাসনের সার্বিক অর্থায়নে নির্মিত বিদ্যালয়টি সেনাবাহিনী ও সিভিল প্রশাসনের সমন্বিত উন্নয়ন প্রচেষ্টার উজ্জ্বল দৃষ্টান্ত।
সম্প্রতি আলীকদম উপজেলা সদর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে এবং সীমান্ত থেকে মাত্র ৩ কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত এই এলাকায় দীর্ঘদিন ধরে ফাতরাপাড়া, মাসখুম পাড়া ও তরণী পাড়ার শিশুরা শিক্ষা সুবিধা থেকে বঞ্চিত ছিল। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে বিদ্যালয়টি স্থাপন করা হয়।
উদ্বোধন শেষে জোন কমান্ডার শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, বেঞ্চ, পাঠ্যবই ও স্টেশনারি বিতরণ করেন। পাশাপাশি ১১৩টি পরিবারের মধ্যে কম্বল ও নগদ সহায়তা দেওয়া হয়। দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩১৫ জনকে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।
প্রধান অতিথি বলেন, সেনাবাহিনী সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে জনগণের পাশে থাকবে। এই উদ্যোগ স্থানীয়দের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।

