আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় নির্বাচনী ডমিনেশন টহল জোরদার করেছে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)।
সম্প্রতি বিজিবির একটি দল পায়ে হেঁটে প্রত্যন্ত পাহাড়ি পথ অতিক্রম করে বিভিন্ন বসতিতে পৌঁছে স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় করে। টহল চলাকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং ভোটারদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বিজিবি সদস্যরা এলাকাবাসীকে নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান এবং নির্বাচন ঘিরে কোনো গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন। বিজিবি সূত্র জানায়, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে দুর্গম সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহল, নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

