চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার পানুয়াছড়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ভারত থেকে আনা ২৪ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
গতকাল শনিবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ’র রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীনস্থ পানুয়াছড়া বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় ফাঁদ পেতে এসব মাদক উদ্ধার করে। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানিয়েছে, সীমান্ত পিলার ২২০৫/৬ আরবি থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শনিবার বিকেল পাঁচটার দিকে ভারত দিক থেকে তিনজন চোরাকারবারী বাংলাদেশের দিকে প্রবেশের চেষ্টা করলে পূর্ব থেকে অবস্থান নেয়া বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা দুটি বস্তা ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ২৪টি ছোট প্যাকেটে রাখা মোট ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম জানিয়েছেন, চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষা, আভিযানিক তৎপরতা এবং চোরাচালান দমনসহ মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরিতে বিজিবি দিনরাত কাজ করে যাচ্ছে।

