ত্রয়োদশ জাতীয় সংসদ খাগড়াছড়ি আসন এবং ২৯৯নং সংসদীয় আসনের আংশিক অংশে নিরাপত্তায় ৩২ বিজিবি ডিউটি মোতায়েন ও সার্বিক পরিস্থিতি বিষয়ে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়নের প্রশিক্ষণ ছাউনিতে বিজিবি সদর দপ্তরের আয়োজনে সেক্টর কমান্ডার কর্ণেল আব্দুল মোত্তাকিম সাংবাদিকদের নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি ভূমিকা তুলে ধরেন।
এসময় তিনি বলেন, নির্বাচনী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য সেক্টর সদর দপ্তরে এবং ব্যাটালিয়ন সমূহের বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। নির্বাচনের দিন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল পরিচালনা করবে, এছাড়াও নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপনের পাশাপাশি যানবাহনে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি এবং গ্রেফতার কার্যক্রম পরিচালনা করবে।
অন্যদিকে সকল প্রার্থী এবং ভোটারদের নিরাপত্তায় নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য বিজিবি তার সর্বশক্তি প্রয়োগ করবে।
এসময় খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে.কর্ণেল কামরান কবির সহ পদস্থ কর্মকতারা উপস্থিত ছিলেন।

