ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং ভোটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে খাগড়াছড়ি সেনা রিজিয়নে এক নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি- ২০২৬) দুপুরে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক এর উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার, সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা, গুরুত্বপূর্ণ কেন্দ্রসমূহে নজরদারি বৃদ্ধি এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
এ সময় সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর প্রতিনিধিরা দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। রিজিয়ন কমান্ডার বলেন, জনগণের জানমাল রক্ষা এবং নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সবাইকে সতর্ক ও প্রস্তুত থাকতে হবে।

