খাগড়াছড়ি ২৯৮নং আসনে অতি ঝুঁকিপূর্ণ রেডমার্ক কেন্দ্র গুলোতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোট গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে প্রার্থীরা।
বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ২৯৮নং খাগড়াছড়ি আসনের বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়া।
লিখিত বক্তব্যে, ২৯৮নং খাগড়াছড়ি আসনের ২০৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১২১টি কেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’ ও ৬৮টি কেন্দ্র ‘অধিক ঝুঁকিপূর্ণ (রেড মার্ক)’ হিসেবে চিহ্নিত করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর মাঠপর্যায়ের তথ্যে উঠে আসা এই উদ্বেগজনক বাস্তবতা সাধারণ ভোটারদের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে। ইতোমধ্যে কতিপয় সশস্ত্র সংগঠন তাদের পছন্দের প্রার্থীর অনুকূলে ভোট আদায়ের লক্ষ্যে সাধারণ ভোটারদের ভীতি প্রদর্শন ও হমকি প্রদান করছে; এমনকি কোথাও কোথাও অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনাও পরিলক্ষিত হচ্ছে। অনেক প্রার্থীদের ও তাদের কর্মীদের ওই সকল এলাকায় প্রচারণায় যেতে নিষেধ করেছে ইতোমধ্যে। তাই প্রশাসন ও নিরাপত্তা বাহিনীদের অতি ঝুঁকিপূর্ণ রেডমার্ক কেন্দ্র গুলোতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোট গ্রহনের দাবি তুলে ধরেন প্রার্থীরা।
সংবাদ সম্মেলনে ২৯৮নং খাগড়াছড়ি আসনের গণ অধিকার ফোরাম এর প্রার্থী দীনময় রোয়াজা, জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা, ইসলামিয়া বিপ্লব বাংলাদেশ এর প্রার্থী নুর ইসলাম সহ জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

