পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার কাউখালি উপজেলার গহীন জঙ্গলে ইউপিডিএফ (মূল)-এর একটি গোপন আস্তানা উচ্ছেদ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরবেলায় কাউখালির কলাপাড়া ও নাইল্লাছড়ি এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
সেনা সূত্র জানায়, অভিযানের সময় ইউপিডিএফ (মূল)-এর শীর্ষস্থানীয় সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করা হলে সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত জঙ্গলের ভেতর পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ওই এলাকায় সন্ত্রাসীদের ব্যবহৃত একটি গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়।
আস্তানা তল্লাশি শেষে সেখান থেকে সন্ত্রাসীদের তৈরি চারটি রাইফেল ট্রেঞ্চ, তিনটি পর্যবেক্ষণ চৌকি এবং তিনটি বিশ্রাম এলাকা ধ্বংস করা হয়। এসব স্থাপনা দীর্ঘদিন ধরে সশস্ত্র কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহার করা হচ্ছিল বলে জানিয়েছে সেনাবাহিনী।
এলাকায় সন্ত্রাসী তৎপরতা সম্পূর্ণরূপে নির্মূল এবং নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে অভিযুক্ত স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অস্থায়ী বেইস ক্যাম্প স্থাপন করা হয়েছে। সেনা সূত্র আরও জানায়, পার্বত্য অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের মাঝে অভিযানের পর স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। তারা আশা প্রকাশ করেছেন, নিয়মিত নিরাপত্তা কার্যক্রমের মাধ্যমে এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের প্রভাব দ্রুত কমে আসবে।

