২৯৮ নং খাগড়াছড়ি আসনের বিএনপি ও জামায়াতের প্রার্থীদের পক্ষের দুই দায়িত্বশীল কর্মীকে নির্বাচনী আচারণবিধি লঙ্গনের দায়ে পৃথক দুই মামলায় দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) বিকেলে রামগড় উপজেলার নাকাপা বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা কাজী শামীম এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদ্বয়ের নির্বাচনী প্রচারণার নিমিত্ত স্থাপিত বিলবোর্ড এর সাইজ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৪ এর দফা (ক) এ নির্ধারিত সাইজের তুলনায় বেশি হওয়ায় প্রার্থীদের পক্ষে স্থাপিত ব্যানার নির্দেশক্রমে তাৎক্ষণিক অপসারণ করা হয় এবং সন্ধায় একই স্থানে নির্বাচনী প্রচারণায় আলোকসজ্জা করায় একই বিধিমালার বিধি ২৭ এর দফা (ক) অনুযায়ী পৃথক দুই মামলায় বিএনপির পক্ষে রফিকুল ইসলাম ও জামায়াতে ইসলামীর পক্ষে মো: সাখাওয়াত হোসেনকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী নির্দিষ্ট আকার ও সাইজের ব্যানার টাংগানো বা সাঁটানো এবং সবধরণের আলোকসজ্জা সম্পূর্ণ নিষিদ্ধ। বিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীর দায়িত্বপ্রাপ্ত কর্মীকে জরিমানাসহ নির্বাচনে আচরণ বিধি প্রতিপালনে উপস্থিত সকলকে সচেতন করা হয়।
অভিযানকালে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

