খাগড়াছড়ির রামগড় উপজেলার ২নম্বর পাতাছড়া ইউনিয়নে গ্রামীণ সড়ক নির্মাণকাজে চরম ধীরগতির কারণে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। বিশেষ করে বর্ষা মৌসুম শুরু হতে না হতেই সড়কের বেহাল অবস্থার কারণে স্থানীয়দের দুর্ভোগ কয়েকগুণ বেড়ে গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে পাতাছড়া ইউনিয়ন পরিষদ ভবনের সামনে থেকে প্রায় ৪ দশমিক ৯৫০ কিলোমিটার সড়কের ইটের সলিং তুলে কার্পেটিং (বিটুমিনাস) করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বিশেষ বরাদ্ধে দরপত্র আহ্বান করলে টেন্ডারের মাধ্যমে খাগড়াছড়ির এমএস রিফ এন্টারপ্রাইজ ও ইমু এন্টারপ্রাইজ নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি দুই ভাগে বাস্তবায়নের দায়িত্ব পায়।
অভিযোগ উঠেছে, তবে কাজ শুরুর পর থেকেই সড়কটির নির্মাণ কাজ নিয়ে নানা অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজ সম্পন্ন না করে মাঝেমধ্যেই কাজ বন্ধ রাখে। এতে করে সড়কের ইটের সলিং তুলে ফেলার পর দীর্ঘদিন ফেলে রাখা হয়, যা প্রথম বর্ষার বৃষ্টিতেই কাদামাটিতে পরিণত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। তাছাড়া সড়কটিতে বালুর পরিবর্তে পাহাড়ের মাটি ব্যবহারেরও অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দা আবদুল করিম বলেন, “রাস্তার কাজ শুরু হওয়ার পর থেকে আমরা দুর্ভোগে আছি। আগে কোনোভাবে চলাচল করা যেত, এখন বৃষ্টি হলেই হাঁটাও দায় হয়ে পড়েছে’।

সেলিনা আক্তার নামে এক পথচারী জানান, “স্কুলগামী শিক্ষার্থী ও রোগীদের নিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে। জরুরি সময়ে অ্যাম্বুলেন্সও ঢুকতে পারে না।”
তাদের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার উপজেলা এলজিইডি কর্মকর্তার কাছে অভিযোগ জানানো হলেও কার্যত তিনি কার্যকর কোনো পদক্ষেপ নেননি।
বিষয়ে জানতে চাইলে উপজেলা এলজিইডি কর্মকর্তা নাইমুল ইসলাম বলেন, “সড়কের কাজের মান নিয়ে অভিযোগ পেয়েছি। দ্রুত সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

