কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে জেলা বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের শাপলা চত্বর সংলগ্ন মুক্তমঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনান বিথী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির একটি প্রতিষ্ঠিত এবং বৃহৎ একটি রাজনৈতিক দল। যারা সবসময় রাজপথে দেশের জন্য, দেশের মানুষের জন্য রাজনীতি করেছে। দেশ ও দেশের মানুষের জন্য আপোষহীন ভাবে কাজ করে গেছেন শহীদ জিয়া ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। দেশ ও দেশের মানুষের অধিকার ও গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য বছরের পর বছর জেল খেটেছে বেগম খালেদা জিয়া, তবুও অন্যায়ের সাথে আপোষ করেননি তিনি।
এছাড়াও বর্তমান দেশের প্রধান উপদেষ্টার কাছে দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক, ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলা ও দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বক্তারা।

