খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়িতে সাংস্কৃতিক চর্চা ও স্থানীয় প্রতিভা বিকাশে সাউন্ড সিস্টেম সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (৪ এপ্রিল- ২০২৬) সকাল ১১টায় সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধীনস্থ লক্ষীছড়ি জোনের উদ্যোগে লক্ষ্মীছড়ি সংগীত বিদ্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়।
এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মো. তাজুল ইসলাম। এছাড়াও সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা, বিদ্যালয়ের সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মো. তাজুল ইসলাম বলেন, সংগীত শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সংস্কৃতি ও মানবিক বিকাশের গুরুত্বপূর্ণ অংশ। সংগীত চর্চা তরুণদের মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা রাখে। তিনি আশা প্রকাশ করেন, প্রদত্ত সাউন্ড সিস্টেম বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তারা দেশ-বিদেশে নিজেদের প্রতিভা ছড়িয়ে দিতে সক্ষম হবে।
বাংলাদেশ সেনাবাহিনী এর আগেও প্রতিষ্ঠানটির উন্নয়নে বিভিন্ন সহায়তা প্রদান করেছে। সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগের ফলে বিদ্যালয়ের সাংস্কৃতিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় পাহাড়ি ও বাঙালি শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।

