খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় চাঁদাবাজি প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্যে নিরাপত্তা নিশ্চিতকরণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে (২১ ডিসেম্বর-২০২৫) মহালছড়ি সেনা জোনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন- মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ। এছাড়াও উপস্থিত ছিলেন, সাব-জোন কমান্ডার সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিবৃন্দ, সকল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ।
মতবিনিময় সভায় মহালছড়ি উপজেলায় চাঁদাবাজির ধরন, চাঁদাবাজির ফলে ব্যবসায়িক ক্ষতি ও নিরাপত্তাহীনতার প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে চাঁদাবাজি প্রতিরোধে সম্ভাব্য কৌশল ও যৌথ কর্মপন্থা নির্ধারণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সভায় আরও আলোচনা হয় দোকানদারদের দ্বারা দোকান সংলগ্ন ফুটপাত দখলের সমস্যা, অসাধু জেলে ও ব্যবসায়ীদের দ্বারা চেঙ্গী নদীতে অবৈধভাবে জাঁক দিয়ে মাছ ধরার বিষয়- বিশেষ করে নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাসে এর নেতিবাচক প্রভাব নিয়ে। পাশাপাশি বাজার এলাকায় যানজট নিরসন ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন নিয়েও আলোচনা হয়।
এছাড়া সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়, যাতে মহালছড়িতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এবং ব্যবসা-বাণিজ্য নির্বিঘ্নে পরিচালিত হয়।
সভায় সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়েও অংশগ্রহণকারীরা মতামত প্রদান করেন।
পরিশেষে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সকল পক্ষকে আরও আন্তরিক ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

