খাগড়াছড়ি পার্বত্য জেলার তিনটি উপজেলায় কয়েকজন শিশুর মধ্যে হামের লক্ষণ দেখা দেওয়ায় ১১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মো. ছাবের।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলার পানছড়ি উপজেলা থেকে ৪ জন, রামগড় উপজেলা থেকে ৪ জন এবং দীঘিনালা উপজেলা থেকে ৩ জন শিশুর মধ্যে হামের প্রাথমিক উপসর্গ দেখা যায়। এ প্রেক্ষিতে তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব নির্ণয় বিভাগের ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।
জানা গেছে, আক্রান্ত সন্দেহভাজন শিশুরা বর্তমানে নিজ নিজ বাড়িতে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছে। একই সঙ্গে তাদের পুষ্টিকর খাদ্য, বিশেষ করে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ খাবার খাওয়ানো এবং প্রয়োজন অনুযায়ী ভিটামিন ‘এ’ ক্যাপসুল সেবনের পরামর্শ দেওয়া হয়েছে।
সিভিল সার্জন ডা. মো. ছাবের জানান, নমুনা পরীক্ষার ফলাফল পেতে সাধারণত তিন দিন সময় লাগে। ফলাফল পাওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ১০ শয্যার একটি বিশেষ হাম কর্ণার প্রস্তুত রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।

