খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার এবং এক দোকান মালিককে আটক করা হয়েছে।
রোববার (২৯ মার্চ- ২০২৬) রাতে উপজেলার কবাখালী ইউনিয়নের উত্তর মিলনপুর এলাকায় একটি মুদি দোকানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর দীঘিনালা জোনের সদস্যরা এবং থানা-পুলিশের একটি টিম।
এ সময় দোকান থেকে মজুদকৃত মোট ১৫০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়, যার মধ্যে ডিজেল ও অকটেন ছিল। ঘটনাস্থল থেকে দোকানের মালিক মো. আলমকে আটক করা হয়।
অভিযান শেষে উদ্ধারকৃত জ্বালানি তেল এবং আটক ব্যক্তিকে দীঘিনালা থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

